بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

সিরাজাম মুনীরা ইনস্টিটিউট: আলোর অভিযাত্রা

সীরাতুন নবী ﷺ-এর আলোয় ব্যক্তি, পরিবার, সমাজ ও উম্মাহর পুনর্জাগরণ।

يٰۤاَيُّهَا النَّبِيُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّ مُبَشِّرًا وَّ نَذِيْرًاۙ ۞ وَّ دَاعِيًا اِلَى اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِيْرًا

“নবী! আমি তো আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। এবং আল্লাহর নির্দেশে মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী ও আলো বিস্তারকারী প্রদীপরূপে।” (সূরা আল-আহযাব: ৪৫–46)

নিশ্চয় দয়াময় আল্লাহ সত্য বলেছেন, আর তিনি সর্বদা সত্যই বলেন।

বনী আদমের প্রতি দয়া ও পরম মায়ায় যখন তিনি আমাদের মাঝে পাঠালেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ﷺ-কে, তখন জাহেলিয়্যাতের অন্ধকারে ডুবে থাকা পুরো দুনিয়া ঐশী নূরে আলোক-ঝলমলে হয়ে উঠল, গোত্রীয় অহমিকায় অন্ধ হয়ে যাওয়া যুদ্ধাংদেহী পুরুষেরা তাঁর হাতের ছোঁয়ায় হলেন পুষ্পকোমল— যে পুষ্প দীনের প্রয়োজনে আবার হয়ে উঠত শানিত তরবারি। তাঁরই নির্দেশে বংশীয় কলঙ্কের প্রতিশব্দ হয়ে ওঠা বঞ্চিত নারীরা ফিরে পেলেন তাঁদের প্রাপ্য মর্যাদা, হয়ে উঠলেন পরিবারের রানি। তাঁর পবিত্র স্পর্শে ছন্নছাড়া যুবকেরা হয়ে উঠলেন ঈমানের প্রতিবিম্ব, (রাদিয়াল্লাহু আনহুম আজমাঈন)

তাঁকে যাঁরা সচক্ষে দেখে চোখ জুড়িয়েছেন, স্পর্শ করে ধন্য হয়েছেন— সে সাহাবায়ে কেরাম হলেন তাঁর হাত দিয়ে গড়া প্রথম সোনালী ফসল, পুরো উম্মতের রোল মডেল। তাঁদেরকে অনুসরণ করে পরবর্তী সময়ে আলোকবর্তিকা হয়েছেন উম্মতের মহান ইমামগণ— আবু হানীফা, মালেক, শাফেঈ, আহমদ ইবনে হাম্বল, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ ও ইমাম ত্বহাবী (রহিমাহুমুল্লাহু রহমাতান ওয়াসিয়াহ)।

রাসূলুল্লাহ ﷺ-কে অনুসরণ করে অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসা এবং মানবতার জন্য রোল মডেল হয়ে ওঠার এই ধারাবাহিকতা কোনো একটি যুগ, ভূখণ্ড কিংবা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকার এক চিরন্তন আলোকধারা। খোদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিশ্চয়তা দিয়েছেন যে, তাঁর পদচিহ্ন ধরে চললে হেদায়াত অনিবার্য…..

কিন্তু আজকের হাল যামানায় সেই পুরনো জাহেলিয়্যাতই যেন নতুন রূপে, নিত্যনতুন কৌশলে এবং আরও ভয়ংকর অবয়বে আমাদের সমাজ, রাষ্ট্র ও সভ্যতার ওপর চেপে বসতে চাইছে। এর করাল গ্রাসে আজ রাষ্ট্র নড়বড়ে, সমাজ অস্থির, পরিবার ভঙ্গুর আর আমাদের আগামী প্রজন্ম আদর্শহীনতা, মূল্যবোধের সংকট ও আত্মপরিচয়ের বিভ্রান্তিতে অধঃপতিত। আধুনিক গবেষক, দার্শনিক ও সমাজপতিরা এ সংকটের নানা সমাধানের কথা বলছেন; প্রতিনিয়ত পরীক্ষা করছেন নতুন নতুন তত্ত্ব, দর্শন ও ফর্মুলা। কিন্তু সমস্যার মূল শিকড়ে পৌঁছাতে না পারায় কাঙ্ক্ষিত সমাধান আজও অধরাই থেকে গেছে; দিনশেষে ফলাফল শূন্য থেকে ডাবল শূন্য।

তাই আমরা আজ বলতে চাই এমন এক ফর্মুলার কথা, যার কার্যকারিতা বিগত প্রায় পনেরোশত বছর যাবৎ ইতিহাসের প্রতিটি অধ্যায়ে পরীক্ষিত। সে ফর্মুলা হলো— সীরাতুন নবী ﷺ; আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবনচরিত।

আমরা এই ঐশী ফর্মুলা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে জাহেলিয়্যাতের আধুনিক অন্ধকার দূর করে আমাদের সেই সোনালী অতীতকে বর্তমানে ফিরিয়ে আনতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই ভবিষ্যতেও।

আমাদের এই নেক আকাঙ্ক্ষা, সুদূরপ্রসারী স্বপ্ন এবং উম্মাহর প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতিষ্ঠিত হয়েছে “সিরাজাম মুনীরা ইনস্টিটিউট”। পবিত্র কুরআনের ভাষায় وَسِرَاجًا مُّنِيرًا ‘আলোক বিকিরণকারী প্রদীপ’—এই মহিমান্বিত বাণী থেকেই আমাদের প্রতিষ্ঠানের নামকরণ। আমাদের বিশ্বাস, রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শই মানবতার জন্য একমাত্র পূর্ণাঙ্গ আলোকবর্তিকা। তাই এই আলোর দাওয়াতকে গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ, প্রকাশনা, দাওয়াহ এবং আধুনিক জ্ঞান-উপকরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।

সিরাজাম মুনীরা ইনস্টিটিউট কোনো সাময়িক উদ্যোগ নয়; বরং সীরাতকেন্দ্রিক একটি দীর্ঘমেয়াদি ইলমী, গবেষণাভিত্তিক ও দাওয়াহমুখী অভিযাত্রা। আমাদের লক্ষ্য হলো—সীরাতকে কেবল ইতিহাসের একটি অধ্যায় হিসেবে উপস্থাপন করা নয়; বরং জীবন গঠন, নেতৃত্ব নির্মাণ, পরিবার গঠন, সমাজ সংস্কার, রাষ্ট্র পরিচালনা, দাওয়াহ, শিক্ষা, আত্মশুদ্ধি এবং উম্মাহর পুনর্জাগরণের একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে মানুষের সামনে তুলে ধরা। আমরা বিশ্বাস করি, ব্যক্তি থেকে রাষ্ট্র—জীবনের প্রতিটি অঙ্গনে সীরাতের বাস্তব প্রয়োগই একটি ভারসাম্যপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণময় সমাজ নির্মাণের সর্বাধিক কার্যকর পথ।

এই মহান লক্ষ্যকে সামনে রেখেই আমাদের প্রথম প্রাতিষ্ঠানিক আয়োজন হিসেবে আমরা শুরু করেছি আন্তর্জাতিক অনলাইন সীরাত কোর্স “সীরাহ ইনটেন্সিভ: ৮ দিনের সীরাত সফর”। এটি কেবল একটি কোর্স নয়; বরং সীরাতের বিশাল জগতে প্রবেশের একটি গবেষণাধর্মী, পরিকল্পিত ও হৃদয়স্পর্শী যাত্রা। এই কোর্সের মাধ্যমে আমরা রাসূলুল্লাহ ﷺ-এর জীবনকে শুধু ঘটনাপ্রবাহ হিসেবে নয়; বরং ব্যক্তি গঠন, পরিবার গঠন, রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, দাওয়াহ, শিক্ষা, সভ্যতা নির্মাণ এবং সমকালীন সংকটের কার্যকর সমাধান হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি।

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার লক্ষ্য কেবল একটি কোর্স পরিচালনা নয়; বরং সীরাতকে কেন্দ্র করে এমন একটি জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করা, যেখানে গবেষণা হবে, নতুন প্রজন্ম সীরাতকে গভীরভাবে জানবে, নববী আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করবে এবং একটি আলোকিত, দায়িত্বশীল ও আদর্শিক উম্মাহ গঠনের পথে নিজেদের প্রস্তুত করবে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সিরাজাম মুনীরা ইনস্টিটিউট সীরাত, ইসলামী জ্ঞানচর্চা, গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ এবং উম্মাহর বুদ্ধিবৃত্তিক ও নৈতিক পুনর্জাগরণে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

আসুন, আমরা সবাই সীরাতের সেই আলোকিত দরিয়ায় নিজেদেরকে সঁপে দিই; নববী আদর্শকে জীবনের প্রতিটি অঙ্গনে ধারণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও উম্মাহর পুনর্জাগরণের পথে একসাথে এগিয়ে চলি।

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, উপকারী করুন এবং একে উম্মাহর জন্য নাজাত, হেদায়াত ও কল্যাণের মাধ্যম বানিয়ে দিন।

آمِين يَا رَبَّ الْعَالَمِيْن